জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। শনিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি মগবাজার চৌরাস্তা মোড় ঘুরে মগবাজার রেল গেইটে গিয়ে শেষ হয়।
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সাইফুল আলম নীরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে তিন স্থানে পুলিশি বাধার মুখে পড়েছি। প্রথমে মালিবাগ সুপার মার্কেটের সামনে কর্মসূচির স্থান নির্ধারণ ছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের কারণে স্থান পরিবর্তন করে মৌচাকে বিক্ষোভ করার সিদ্ধান্ত হয়। সেখানেও পুলিশের সতর্ক অবস্থানের কারণে শাহজানপুর এলাকায় নেতাকর্মীরা জড়ে হলে প্রায় ৩০ নেতাকে আটক করে পুলিশ। এরপর মগবাজার মিছিল অনুষ্ঠিত হলো।’
যুবদল সূত্র জানায়, দুপুর ১টার দিকে মৌচাক মোড়ে অবস্থিত ফরচুন শপিং মলের সামনে নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখান থেকেও কয়েকজনকে আটক করা হয়।
তৃতীয় দফায় শাহজানপুরে বিক্ষোভের জন্য নেতাবর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকেও কয়েকজনকে আটক করে বলে জানান যুবদলের নেতারা।








