বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়া শিগগিরই লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে এখন সব বিষয় বলা যাবে না।’ সোমবার (৮ অক্টোবর) রাত পৌনে ১২টায় রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার মধ্যে বৈঠক চলাকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রাত ৯টায় ওই বৈঠক শুরু হয়।
মওদুদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপি একমতে পৌঁছেছে।’
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১১ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় আরেকটি বৈঠক করবে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। ইতোমধ্যে কর্মসূচির একটি গ্রাফ তৈরি করা হয়েছে। কামাল হোসেনের সঙ্গে বসার পর ওই বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
বৈঠক সূত্রে আরও জানা যায়, তিন দলীয় জোটের নাম কী হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে জেএসডির আ স ম আব্দুর রব, মেজর (অব.) মান্নান, আব্দুল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার, তানিয়া রব; জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন এবং বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিতি ছিলেন।








