ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় সরকারের কোনও সংশ্লিষ্টতা নাই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংবাদিক মাসুদা ভাট্টির সঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন এর অশোভন আচরণের প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, নারী সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণকারী ব্যারিস্টার মইনুল হোসেন সব সময় একই আচরণ করেন। এটা তার সঙ্গে মানায়। তাই তার বিরুদ্ধে আজ দেশের নারী সমাজ ফুঁসে উঠেছে। এতে সরকারের কোনও হাত নাই।
আগামী নির্বাচনকে বানচাল করার জন্য ও প্রশ্নবিদ্ধ করার জন্য জাতীয় ঐক্য গঠন করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নির্বাচন সঠিক সময়েই হবে। তা বানচাল করার মত শক্তি জাতীয় ঐক্যের নাই। বিএনপি জামায়াত ২০১৪ সালে যে জ্বালাও পোড়াও করেছে এবার যদি জাতীয় ঐক্য গঠন করে, আবারও জ্বালাও-পোড়াও করে তাহলে তাদের পরিণত হবে ভয়াবহ।
তিনি বলেন, জাতীয় ঐক্যের নেতাকর্মীরা যে হুমকি দিচ্ছে তা আমরা হিসাবে ধরি না। কারণ তাদের আসল শক্তি জনগণ না। তাদের আসল শক্তি বিদেশে। তারা বিদেশের প্রভুদের প্রচারণায় এধরনের কথা বলছে।
এ সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।








