চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে পাঁচ দিনের সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ২৮ অক্টোবর ১৬ সদস্যের এই প্রতিনিধি দল চীনের উদ্দেশে যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান।
এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান জানান, তারা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে যাচ্ছেন। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ-চীন সম্পর্কের মাধ্যমে আরও কোন কোন বিষয়ে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হবে। চীন যেহেতু বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, তাই সে বিষয়েও আলোচনা হবে।
প্রতিনিধি দলে আরও আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, এবিএম রিয়াজুল কবির কাওছার, পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, রেমন্ড আরেং এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাশ।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। একইভাবে আওয়ামী লীগের আমন্ত্রণেও চীনের ক্ষমতাসীন দলের প্রতিনিধি দল কয়েকবার ঢাকা সফর করেছেন। মূলত উভয় দেশের এবং ক্ষমতাসীন উভয় দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এই সফর।








