সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। আজ শনিবার (২৭ অক্টোবর) দুপুরের মধ্যে দুই জনের কাছেই চিঠি পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে চট্টগ্রামে সমাবেশের কারণে একদিন পিছিয়ে রবিবার চিঠি দেওয়ার পরবর্তী দিন নির্ধারণ করেছে ফ্রন্ট। এ কাজের দায়িত্বে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও সাবেক ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ দুজনেই বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
সুলতান মো. মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ চট্রগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে আছে। এই কারণে সকালে আমরা চট্রগ্রাম চলে এসেছি। তাইে আজ আর চিঠি দেওয়া হচ্ছে না। আগামীকাল দেওয়া হতে পারে।’
অন্যদিকে মোস্তফা মহসীন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্রগ্রামের সমাবেশ থাকার কারণে আজ আর চিঠি দেওয়া হচ্ছে না। আগামীকাল কোনও এক সময় চিঠি দেওয়া হবে। এছাড়া যতদূর জানি আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঢাকার বাইরে প্রোগ্রামে আছেন। সুতারাং আজকে উনাকেও পাওয়া যাবে না।’
ঘোষিত ৭ দফা ও ১১টি লক্ষ্যকে সমন্বয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জাতীয় ঐক্যফ্রন্টের। এর মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাসায় আজ শনিবার চিঠি পৌঁছে দেওয়ার কথা ছিল। আর নির্বাচন কমিশনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে চিঠি দেবে ঐক্যফ্রন্ট।
এর আগে গতকাল ২৬ অক্টোবর নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিলেটে জনসভার আগের দিনের (২৩ অক্টোবর) বৈঠকে। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে ঐক্যফ্রন্টের দাবিগুলোকে সমন্বয় করেই দেওয়া হবে এ চিঠি।’
আরও পড়ুন- প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে শনিবার চিঠি দেবে ঐক্যফ্রন্ট, তফসিলের অাগে ইসিকে







