আঘাত এলে পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেছেন, ‘একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি ও অসাম্প্রদায়িক শক্তির ওপর যদি কোনও আঘাত আসে দেশের জণগণকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টি সেই অপশক্তিকে পাল্টা আঘাত করে সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করবে। অপশক্তি মোকাবিলায় পাল্টা আঘাত করবে জাপা।’
রবিবার (২৮ অক্টোবর) সকালে পূর্ব কদমতলী এলাকায় ৫৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘যে কোনও মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কোনও অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ দেশের সব গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলের মধ্যে অঘোষিত ঐক্য রয়েছে। এই ঐক্য যতদিন অটুট থাকবে, ততদিন বাংলার মাটিতে কোনও ষড়যন্ত্র করে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলে করতে পারবে না।’
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, ৫৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শুক্কুর আলী, সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সমাজের সদস্য সচিব শাহ ইমরান রিপন, যুব সংহতি কদমতলী থানার সদস্য সচিব মো. আদু ইসলাম, মহিলা পার্টির নেত্রী শায়েলা রহমান প্রমুখ।








