নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। রবিবার (২৮ অক্টোবর) দলটির প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে বিকল্পধারার পুনর্গঠিত প্রথম প্রেসিডিয়াম বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতের জোটের প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করা হয় উল্লেখ করে মাহী বি চৌধুরী বলেন, ‘২৮ বছর ধরে এই জোট দু’টি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনীতির প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেখানে বিকল্পধারা মনে করে, একটি উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের সেই রাজনীতিকে সামনের দিকে নিয়ে আসতে হবে।’
মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, বিকল্পধারা নারী, ধর্মীয় সংখ্যালঘু আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাজনীতি করবে। একটি আধুনিক অগ্রগামী নান্দনিকধারার রাজনীতির জন্ম দেবে, বাংলাদেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এটাই বৈঠকে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রেসিডিয়াম বৈঠকে একটি গ্রহণযোগ্য ও অশংগ্রহণমূলক নির্বাচনের জন্য বিকল্পধারার পক্ষ থেকে সরকারের কাছে যে দাবিগুলো ছিল, সেসব দাবির ব্যাপারে আবারও বলছি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। রাজনৈতিক মামলায় যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে।’
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বিকল্পধারা নেবে না বলে জানিয়ে মাহী বলেন, ‘তবে বিকল্পধারা একটি নির্বাচনমুখী দল। তাই নির্বাচনের সব প্রস্তুতিও আমরা নেবো।’
২ নভেম্বর বিকল্পধারার বাড্ডার নির্বাচনি কার্যালয়ে যুক্তফ্রন্টের উদ্যোগে একটি জনসভা হবে বলেও জানান মাহী। তিনি বলেন, ‘ওই জনসভায় আরও কিছু রাজনৈতিক নেতা বিকল্পধারায় যোগ দেবেন।’
বিকল্পধারার এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বৈঠকে ৩টি কমিটি গঠন করা হয়েছে। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলনের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহ-সভাপতি মাহবুব আলী ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুককে নিয়ে রাজনৈতিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যুক্তফ্রন্ট সম্প্রসারণের কাজ চূড়ান্ত করবে।’ তিনি বলেন, ‘বৈঠকে প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরীকে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে বিকল্পধারা প্রতিষ্ঠাতা সদস্য কার্তিক ঠাকুরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করা হয়।’
বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, অধ্যাপক আনোয়ারা বেগম প্রমুখ।








