প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে দেশবাসী সাধুবাদ জানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বিএনপি এই সংলাপে খুশি হতে পারছে না।তারা নানা ইঙ্গিতে রণহুঙ্কার দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এনপির এই রণহুঙ্কার হুঙ্কারই থেকে যাবে। বাস্তবে রূপ নেবে না।’ শনিবার ( ৩ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা ইউনিট আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন তিনি।
মেনন বলেন, ‘এই সংলাপ শেষেও বিএনপি সিদ্ধান্ত নিতে না পারলে আগামী নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।ততদিনে দল হিসেবে তারা বিলীন হয়ে যাবে।’
নির্বাচন প্রসঙ্গে মেনন আরও বলেন,‘নির্বাচনি সংগ্রাম শুরু হয়ে গেছে।একে যারা বাধা দিতে চাইবে, জনগণই তাদের প্রতিহত করবে।তারা ভবিষ্যৎ রাজনীতিতেও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। বাংলাদেশের উন্নয়ন এখন আর চাইলেও কেউ ঢেকে রাখতে পারছে না।বিদ্যুতের দিকে তাকান, ঘরে ঘরে বিদ্যুৎ, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, কৃষিক্ষেত্রে সাফল্যের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে, ঘরে ঘরে মানুষ সচ্ছল জীবনযাপন করছে।’
স্থানীয় সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী এমপির সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক, আমিনুল ইসলাম গোলাপ, নজরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন,কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু প্রমুখ।








