খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের আপত্তি সত্ত্বেও তাকে আদালতে ও কারাগারে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ নভেম্বর) পুরাতন কারাগারে স্থাপিত ঢাকার নবম বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত থেকে বেরিয়ে কারা ফটকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউ থেকে বের করে আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে পেরেছি মেডিক্যাল বোর্ডের যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তারা ছাড়পত্র দেননি।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। এই বিষয়টিকে অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে কারাগারের আদালতে নিয়ে এসেছে। তাকে আবার এই কারাগারেই রেখে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কারা অভ্যন্তরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আদালত সময় দেননি।’
এ সময় মওদুদ আহমেদ সহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।








