একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
শেষদিনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-১ আসনে সালমান এফ রহমান (আওয়ামী লীগ), খন্দকার আবু আশরাফ (বিএনপি), ফাহিমা হোসেন জুবলী (বিএনপি), সালমা ইসলাম (স্বতন্ত্র)।
ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা দানকারীদের মধ্যে রয়েছেন আমান উল্লাহ আমান ও তার ছেলে ইরফাম আমান (বিএনপি), অ্যাডভোকেট কামরুল ইসলাম (আওয়ামী লীগ), সৈয়দ মঈন উদ্দিন রিপন (গণঐক্য)।
ঢাকা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি), নজিবুর রহমান হাওলাদার (বাসদ), মনির সরকার (জাতীয় পার্টি)।
ঢাকা-১৯ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন ডা. দেওয়ান সালাউদ্দিন (বিএনপি), তমিজ উদ্দিন (বিএনপি), আইনুল হক (বিকল্প ধারা)।
ঢাকা-২০ আসনে শেষদিনে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার জিয়াউর রহমান (বিএনপি), সুলতানা আহমেদ (বিএনপি), বেনজির আহমেদ (আওয়ামী লীগ)।
এ ছাড়াও ঢাকার স্থানীয় উপজেলায় নির্বাচন কমিশনের অফিসে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে এগুলো ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়।








