একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের ২০৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন। চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বিএনপি নেতাদের স্বজনরাও রয়েছেন।
মনোনয়নপ্রাপ্ত স্বজনরা হলেন:
সন্তানদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির (পঞ্চগড়-১), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমান (ঢাকা-২), প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান (মৌলভীবাজার-৩), প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত (যশোর-৩), প্রয়াত আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪), প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে মাইনুল ইসলাম শান্ত (মানিকগঞ্জ-২), প্রয়াত ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী (নওগাঁও-৩)।
স্ত্রীদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন (নাটোর-২), ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ (কক্সবাজার-১), ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এমএ কাউয়ুমের স্ত্রী শামীম আরা বেগম (ঢাকা-১১) ও প্রয়াত বিএনপির নেতা ফজলুর রহমানের স্ত্রী অধ্যাপক কামরুন্নাহার শিরিন (নাটোর-১)।








