কপাল খুলতে পারে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলীর। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুনা রুশদীর প্রার্থিতা বাতিল হওয়ায় মুনতাসির আলীকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে।
বিএনপি সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের সঙ্গেও বৈঠক করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও শেখ গোলাম আসগর। বৈঠক থেকে মুনতাসির আলীকে আনুষ্ঠানিক সমর্থন না দিলেও নির্বাচনি কাজ চালিয়ে যেতে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শেখ গোলাম আসগর বাংলা ট্রিবিউনকে জানান, আমাদের সঙ্গে বিএনপির নেতাদের একটি বৈঠক হয়েছে। সেখানে মুনতাসির আলীকে সমর্থন দেওয়ার বিষয়ে কথা হয়েছে। তবে কবে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জানা গেছে, এর আগেও বিএনপির সমর্থন আদায় করতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। সেই বৈঠকেও মির্জা ফখরুল মুনতাসির আলীকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে মুনতাসির আলী বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপির সমর্থন পাইনি। তবে কয়েক দিন আগে আমাদের দলের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে আমাকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। আশা করি দুই-একদিনের মধ্যে আমাকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হবে।
প্রসঙ্গত, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পান দলটির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা রুশদীর। অন্যদিকে এই আসনে বিএনপি জোটের মনোনয়ন না পেলেও দলের নিজস্ব প্রতীক দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করার ঘোষণা দেন মুনতাসির আলী। হাইকোর্ট তথ্য গোপনের দায়ে লুনা রুশদীর প্রার্থিতা বাতিল করেন।








