খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক অভিযোগ করেছেন, ‘সরকার কৌশলে ইসলামী কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে। ইসলামি কার্যক্রম তথা ইসলাম নিয়ন্ত্রণের চেষ্টার অংশ হিসেবে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার।’
বুধবার বিকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব কথা বলেন তিনি।
এসময় ইসলাম বিরোধীশক্তি যাতে কোন ধরনের ষড়যন্ত্রের সুযোগ না পায় সে জন্যে পারস্পরিক বিষোদ্গার, উম্মাহর ঐক্য বিনষ্টকারী যে কোনও ধরনের ব্যাখ্যা, বক্তব্য প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ‘দেশের অনেক প্রথিতযশা ধর্মীয় বক্তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও পরিপত্র জারি করে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ৯২ ভাগ মুসলমানদের দেশে ইসলাম বিরোধী কোনও ষড়যন্ত্রই সফল হবে না।’
দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী প্রমুখ।
আরও পড়ুন:
ওয়াজ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সুপারিশ, বক্তাদের ওপর কর আরোপের প্রস্তাব








