এখনও শ্রমিকরা চরম অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘তাদের অধিকার নিয়ে আমরাই সোচ্চার হবো। শ্রমিকদের সব যৌক্তিক দাবি আদায়ে রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও সোচ্চার ভূমিকা রাখবো।’
বুধবার (১ মে) রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার কাছে বর্ধনবাড়ি বটতলা মোড়ে জাতীয় মোটর শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি সব সময় শ্রমিকবান্ধব রাজনীতি করে আসছে দাবি করে জি এম কাদের বলেন, ‘আগামী দিনেও শ্রমিকদের সব স্বার্থ রক্ষায় কাজ করবো।’
তিনি বলেন, ‘প্রচলিত অনেক আইন আছে যেগুলো শ্রমিকদের সুরক্ষার জন্য। কিন্তু দুঃখজনক সত্য হলো, এই আইনগুলো শ্রমিকদের স্বার্থে কম ব্যবহৃত হচ্ছে। প্রতিবছর মে দিবস এলেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা হয়, মূল্যায়ন হয় শ্রমিকদের অধিকার প্রসঙ্গে।’
সরকারি প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, কিন্তু বেসরকারি ৯৯ ভাগ শ্রমিকদের অধিকার অনিশ্চিত থাকে বলে দাবি করেন জাতীয় পার্টির এই নেতা।
মোটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক খান, দেলোয়ার হোসেন খান মিলন, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপন প্রমুখ।








