ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সমাজের একটি অংশকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন অসম্ভব। তাই প্রতিবন্ধীদের পাশে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
বৃহস্পতিবার (২ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির উদ্যোগে মারাকেশ ভিআইপি চুক্তি অনুসমর্থনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে। যেমন প্রতিবন্ধীদের সুরক্ষা আইন, কোনও প্রতিবন্ধী যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সব অধিকার পায় তার জন্য সরকার সব সময় কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি কাজ করা এটা কোনও সহানুভূতি নয়, এটা সরকারের দায়িত্ব। সরকার তার দায়িত্ব পালন করছে। আমি আশা করবো, সরকার আপনাদের এই আইন পাস করবে।’
এ সময় তিনি প্রতিবন্ধীদের উদ্দেশে বলেন, আপনাদের এই আইন পাস করানোর জন্য আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করবো।
অনুষ্ঠানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি ও বার্ডোর প্রধান নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, বিভিন্ন প্রকাশিত দলিল, কাগজপত্র, মুদ্রিত কাগজ ও পাঠ্য— যেগুলোর পাঠোদ্ধারে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা রয়েছে তাদের সুবিধার্থে এসব উপকরণ সহজে পাঠযোগী করার জন্য মারাকেশ চুক্তি প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, মারাকেশ ২০১৩ সালের ২৭ জুন গ্রহণ করা হয়। যোগ্য দল কর্তৃক ২০টি দলিলের অভিযোজন ও সংশোধনের মাধ্যমে এটি ২০১৬ সালের ৩০ জুন মূল চুক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য গৃহীত হয়। তিন মাস পরে ৩০ সেপ্টেম্বর ২০১৬ সালের এটি অন্তর্ভুক্ত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম পপি, বেনটেকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ড. হোমিয়ার মোবেদজি, মানুষের জন্য ফাউন্ডেশনের সহকারী সমন্বয়ক নাজরানা ইয়াসমিন প্রমুখ।







