কারাবিধি অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইফতারের জন্য বরাদ্দ ৩০ টাকা বলে দাবি বিএনপির। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান জানিয়ে কারাবিধির সঙ্গে মিল রেখে রাজনীতিকদের জন্য ৩০ টাকার ইফতারের আয়োজন করেছিল দলটি। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় ইস্কাটন লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজনীতিকদের সম্মানে আয়োজিত বিএনপির এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক। দেখা গেছে, বিএনপি আয়োজিত ৩০ টাকার ইফতারে ৭টি পদ ছিল। এগুলো হলো ১টি জিলাপি, ১টি বেগুনি, ১টি পেঁয়াজু, ২টি খেজুর, ১টি আলুর চপ এবং অল্প কিছু মুড়ি ও ছোলা। সঙ্গে ৫০০ মিলির ১টি মাম পানির বোতল।
ইফতার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লেডিস ক্লাব কর্তৃপক্ষ শুধু ইফতারের আয়োজন করেছেন। আর ইফতারের আইটেম দিয়েছেন একজন বাবুর্চি।’
ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন আজকে এখানে সমবেত হয়েছি তখন বিএসএমএমইউ হাসপাতালের ছোট একটি কক্ষে খালেদা জিয়া তার ইফতার গ্রহণের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য সরকারি বরাদ্দ মাত্র ৩০ টাকা। সেই জন্য আমরা আজকে যে ইফতারের আয়োজন করেছি, আর তা ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ করেছি।’
আরও পড়ুন...
রাজনীতিকদের ৩০ টাকার ইফতার করালো বিএনপি








