বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন—ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কাউন্সিল করে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের পরও আহ্বায়ক কমিটির কার্যক্রমও বহাল আছে। এমনকি সংগঠনের বিভিন্ন কর্মসূচিও হাতে নিচ্ছে এই আহ্বায়ক কমিটি। ফলে প্রশ্ন উঠছে—নির্বাচিত কমিটির পাশাপাশি আহ্বায়ক কমিটিও ড্যাবের যাবতীয় কার্মকাণ্ড পরিচালনা করছে?
বুধবার (২৯ মে) ড্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে বলা হয়—বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে তার মাজারে ফুল দেবে ড্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ওই দিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করবে ড্যাবে। অনুষ্ঠানগুলোয় ড্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খান, নবনির্বচিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালামসহ সিনিয়র চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এই প্রেস বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকে সংগঠনের নেতাকর্মীদের প্রশ্ন দেখা দিয়েছে—নির্বাচিত কমিটি হওয়ার পরও কীভাবে আহ্বায়ক কমিটি থাকে? আর এই কমিটি কীভাবে কার্যক্রম চালিয়ে যায়?
সংগঠনটির নেতারা বলছেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই কমিটি থাকার প্রশ্নই আসে না। এখন সেখানে কীভাবে একসঙ্গে দুই কমিটির কার্যক্রম চলছে—বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে। আগামী বৈঠকে তাদের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। তখন নেতারা কীভাবে এর ব্যাখা দেন, সেটাই এখন দেখার বিষয়।
এই বিষয়ে জানতে চাইলে ড্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বাংলা ট্রিবিউন বলেন, ‘কাউন্সিলে ভোটের মাধ্যমে ড্যাবের কেন্দ্রীয় কমিটির শীর্ষ ৫ নেতাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু আমরা এখনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারিনি। ঈদের পর পূর্ণাঙ্গ কমিটি করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’
সংগঠনের গঠনতন্ত্রে একসঙ্গে দুই কমিটি অনুমোদন করে কিনা, জানতে চাইলে হালিম ডোনার কোনও মন্তব্য করেননি।
এই প্রসঙ্গে নব-নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহ্বায়ক কমিটি আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেনি। এছাড়া আমাদের পূর্ণাঙ্গ কমিটিও হয়নি। এ জন্য এখনও দুটি কমিটিই বহাল আছে।’
সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রসঙ্গে ডা. হারুন বলেন, ‘সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হবে ২৭১ সদস্য বিশিষ্ট। ফলে চাইলে তো দ্রুত কমিটি করা সম্ভব নয়। যাচাই-বাচাই করে কমিটি করতে হবে। যেন কোনও ভুল না হয়। একটু সময় লাগবে।’
সংগঠনের গঠনতন্ত্রে একসঙ্গে দুই কমিটি অনুমোধন করে কিনা— এমন প্রশ্নের জবাবে ডা. হারুন বলেন, ‘গঠনতন্ত্রে এই রকম কোনও ধারা নেই। তবে আমাদের যেহেতু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তাই আহ্বায়ক কমিটি থাকতে পারবে।’
একসঙ্গে ড্যাবের দুই কমিটি কার্যক্রম চালানোর বিষয়ে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ বলেন, ‘এই বিষয়ে আমরা জানা নেই। এটা কীভাবে হচ্ছে, তাও বলতে পারবো না।’
প্রসঙ্গত, গত ২৫ মে প্রথম বারে মতো ভোটের মাধ্যমে ড্যাবের শীর্ষ ৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবদুস সেলিম, মহাসচিব অধ্যাপক ডা. মো. আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল জয়লাভ করেন।








