ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ঈদের পরে পুনরায় জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২ জুন) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে বর্তমান অবৈধ সরকার। উনাকে এই ঈদের আগে মুক্তি দিন। একাদশ জাতীয় নির্বাচন চুরি করা নির্বাচন। এই নির্বাচন বাতিল ঘোষণা করে ঈদের পরে পুনরায় নির্বাচন দিন।’
তিনি বলেন, ‘এই সরকার দেশের জনগণের অধিকার হরণ করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য চারবার চুরি করেছে। একবার চুরি করেছে জনগণের দল বিএনপির নেতাকর্মী ও পোলিং এজেন্টদের জেলে ভরে, দ্বিতীয় চুরি করেছে আগের দিন রাতে ভোট চুরি করে, তৃতীয় চুরি করেছে নির্বাচনের দিন এবং চতুর্থ চুরিটা করেছে ফলাফলের মাধ্যমে।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








