প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা ইসমাইল বলেন, ‘বাজেটে গরিবদের জন্য কোনও সুখবর নেই।’ শনিবার (২২ জুন) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইসমাইল বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের জাতীয় নতুন বাজেটের ফলে গৃহস্থালি সামগ্রীর দাম বেড়ে যাবে। বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের ওপর অতিরিক্ত কর আরোপের আয়োজন করা হয়েছে। বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়ে সরকার দুর্নীতিকে উৎসাহিত করেছে। এ ধরনের বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।’
দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবীবুর রহমান, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।








