বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আপনারা দেখছেন ভয়ঙ্কর আতঙ্কে আজ সারা দেশের মানুষ কাঁপছে। কথা বলার স্বাধীনতা নাই, ন্যায়বিচার নাই। দেশে খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও শেয়ারবাজার লুট হচ্ছে।’ শনিবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নারীদের জীবনের কোনও নিরাপত্তা নেই দাবি করে সেলিমা রহমান বলেন, ‘শিক্ষা খাতে নারীদের অগ্রগতি হয়েছিল। কিন্তু আজ কিশোরীরা স্কুল কলেজে যেতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ শিক্ষাথীদের ওপর আক্রমণ হচ্ছে কিন্তু কোনও বিচার হচ্ছে না। ক্ষমতার প্রভাব এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা এ সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।’
বরগুনায় রিফাত হত্যাকাণ্ডে জড়িত নয়ন বন্ড অনেকদিন যাবত অপরাধ সংগঠিত করে আসছিল দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারের নাম করে অপরাধ করতে সহযোগিতা করেছিল।’
আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, ‘বাংলাদেশের অবৈধ সরকার যারা মিডনাইট নির্বাচন করে ক্ষমতায় এসে অবৈধভাবে সংসদ চালাচ্ছে তারা এসব কন্ট্রোল করতে পারছে না। কারণ তারা নিজেরাই অনৈতিক, তাদের মধ্যে কোনও বিবেকবোধ নাই।’
সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ভাবছেন এরকম মানববন্ধন দিয়ে কী হবে! খুন, গুম, ধর্ষণের বিচার না করা ও অন্যায়ভাবে যাদের কারাগারে আটকে রেখেছেন তাদের কোটি কোটি পরিবার আজ সব যায়গায় উত্তাপ ছড়াচ্ছে। সেই উত্তাপ ভয়ঙ্কর, সেই উত্তাপে আপনারা জিততে পারবেন না।’
খালেদ জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, ‘আজ দীর্ঘ ১৫ মাস ধরে তাকে অগণতান্ত্রিকভাবে কারারুদ্ধ করে রেখেছে এই অবৈধ সরকার। কারণ তারা জানে তিনি বাইরে থাকলে এই সরকার মিডনাইট নির্বাচন কোনোভাবেই করতে পারতো না। তিনি মুক্ত থাকলে কোনোভাবেই একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে পারতো না। সেজন্য নির্বাচনের আগ মুহূর্তে তাকে কারারুদ্ধ করেছে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।








