গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা রবিবারের (৭ জুলাই) অর্ধদিবস হরতালে নৈতিক সমর্থন জানিয়ে তা শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। বৃহস্পতিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়ার্কিং কমিটির সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলটির নেতারা বলেন, বাজেটে হঠাৎ করে গ্যাসের ৩৩ শতাংশ মূল্যবৃদ্ধি জনগণের জন্য মড়ার উপর খাড়ার ঘা’র সমান। সভায় অবিলম্বে জনস্বার্থে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
বাংলাদেশ মুসলিম লীগ স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ এ কাফী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক শেখ এ সবুর প্রমুখ।








