রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নিতে এসে আটক হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। সাদা পোশাকধারী পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন চেয়ারম্যান মাজেদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান শাহ সোলায়মান আলম সাজা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কার্যালয়ের চত্বর থেকে আটক করা হয়। মাজেদুর রহমান গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং আবু সোলায়মান সরকার সাজা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুক্তির দাবিতে মঙ্গলবার সুন্দরগঞ্জে আধাবেলার হরতালের ডাক দিয়েছে জামায়াত। আটকের পর তাদের রংপুর কোতয়ালী থানায় নেয়া হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, তাদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে আটককৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন গাইবান্ধা জেলার জামায়াতের আমির ডা. আব্দুর রহিম, সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের আমির ইউনুস আলম, রংপুর মহানগরের জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলাল ও রংপুর জেলা জামায়াতের আমির এ টি এম আজম খান। তাদের অভিযোগ, সব মামলায় জামিন থাকার পরও জনপ্রতিনিধিদের আটক করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম মঞ্জু জানান, জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সুন্দরগঞ্জবাসীকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বন জানান তিনি। এর মধ্যেই মুক্তি দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।








