বুধবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জে বিএনপির জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গুম, খুন, বিচারবহির্ভুত হত্যা ও অপহরণের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি এ জনসভার আয়োজন করেছে।
খালেদা জিয়ার প্রেসসচিব সূত্রে জানা গেছে, জনসভায় যোগ দিতে বেলা দেড়টায় গুলশানের বাসা থেকে মুন্সীগঞ্জ রওনা হবেন খালেদা জিয়া। জনসভা শেষ করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
এদিকে বৃষ্টি উপেক্ষা করেই মুন্সীগঞ্জে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা বিএনপি। জনসভাকে কেন্দ্র করে সড়কগুলোতে ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, বৃষ্টির কারণে কিছুটা সমস্যাও হলেও প্রচুর লোকজনের সমাবেশ ঘটবে এবং সেভাবেই সব কিছুর অায়োজন করা হচ্ছে।
জেলা ম্যাজিস্টেট মো. সাইফুল হাসান বাদল এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সন্ধ্যার আগে জনসভা সম্পন্ন এবং অশ্লীল বক্তব্য না দেওয়াসহ ২০ শর্তে সোমবার স্থানীয় প্রশাসন জনসভার অনুমিতি দেয় বলেও তিনি জানান।
জানা গেছে, ২০০৪ সালে শহরের বাইরে মুক্তারপুরে বালুর মাঠের জনসভায় আসলেও শহরে এসেছিলেন সর্বশেষ ২০০১ সালে জাতীয় নির্বাচনী জনসভায়।








