কুমিল্লায় বিজিবি সদস্য হত্যা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ নভেম্বর রাতে শহরের মনোহরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন। পরে ২৬ নভেম্বর বিকালে তার দাফন নিয়ে শহরের চর্থা এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে বিজিবি সদস্য রিপন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদি হয়ে ৮১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সে সময় মামলার এক থেকে আট নম্বর পর্যন্ত এজাহারভুক্ত আসামিরা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে চলতি বছরের ২৮ জানুয়ারি হাইকোর্ট থেকে ৩৯ জন অগ্রিম অন্তর্বর্তীকালীন জামিন নেয়। গত ২৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার ৩৯ জনের মধ্যে ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








