চীনের বিপ্লবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির মহান নেতা মাও সে তুং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ন্যাপ। মঙ্গলবার (১ অক্টোবর) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার আগে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতা।
সভায় দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘চীন-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। এই সম্পর্ক আজ দুই দেশের জনগণের সম্পর্কে পরিণত হয়েছে। কৃষ্টি, কালচার, আধুনিকতা ও ধর্মীয় চেতনা নিয়ে এদেশের মানুষ যেভাবে ভাবেন, চর্চা করেন; চীনেও তাই। তাদের নৈতিক আদর্শের সঙ্গেও আমাদের মিল আছে। সুতরাং উভয় দেশের মেলবন্ধন শুধু রাজনৈতিক নয়, তারচেয়ে বেশি আত্মিক।’
মোস্তাফা বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুংয়ের আমন্ত্রণে চীন সফর করেন। মওলানা ভাসানী চীনা বিপ্লবের সাফল্যে চমৎকৃত হয়েছিলেন। তিনি দেশে-বিদেশে সফরকালে বারবার বলেছেন, চীনের কমিউনিস্ট তাদের দেশে জনকল্যাণে যা কিছু করছে, তার সঙ্গে ইসলামের সাম্য-মৈত্রীর বাণীর মিল রয়েছে।’
ন্যাপ মহাসচিব বলেন, ‘সারাবিশ্বে আজ অস্থিরতা চলছে। ফলে বিশ্ব শান্তিবাদ প্রতিষ্ঠায় চীনের কাছে উচ্চ প্রত্যাশা সবার। বিশ্বের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং মানবজাতির উন্নয়ন ও প্রগতিতে চীন অনেক বড় ভূমিকা পালন করবে বলে সবাই মনে করে।’
আলোচনায় অংশ গ্রহণ করেন— এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।








