জনগণ অবৈধ সরকারের বাজেট মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাসাসের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, "অবৈধভাবে ক্ষমতায় এসে সরকার বাজেট পেশ করেছে। অবৈধ সরকারের এই বাজেট জনগণের পক্ষে মানা সম্ভব নয়।" প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়ে তিনি বলেন, "শেখ হাসিনার সরকার বিদেশিদের সমর্থন পেতে পারে। কিন্তু দেশের মানুষ কখনও এই অবৈধ সরকারকে সমর্থন দেবে না।" 'বিএনপিকে বিলুপ্ত করতে হবে' আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, "বিএনপিকে বিলুপ্তের কথা বলে তিনি প্রমাণ করেছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে নয়। বারবার রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি কিভাবে বিলুপ্ত করতে চায় এই সরকার।''








