কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শিল্পকলা একাডেমিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য শিরিনা আক্তার, কেন্দ্রীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৪২ বছর ধরে রাজনীতির মাঠে রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও সামরিক শাসন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সংগ্রাম করে আসছে। বক্তারা তাদের নেতাকর্মীদের কার্যক্রমের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি দলকে গতিশীল করার আহ্বান জানান।








