বিএনপির স্থায়ী কমিটির সদস্য অা স ম হান্নান শাহ বলেছেন, ''মাথাব্যথা হলে যেমন ডিসপ্রিন খাই, ঠিক তেমনি সরকারকে ডিসপ্রিন খাইয়ে ছাড়ব।'' তিনি বলেন, বাজেট নিয়ে চিন্তা করতে গিয়ে সরকারের মাথাব্যথা হয়ে গেছে। একারণেই তাদের ডিসপ্রিন খাওয়াতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিঅাইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) অায়োজিত ''অবৈধ সরকারের বাজেট ঘোষণা বনাম জনগণের স্বার্থ সংরক্ষণ'' শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হান্নান শাহ। তিনি বলেন, ''সরকারের কর্মকাণ্ড যেভাবে বিতর্কিত হয়েছে তাতে এদের ওষুধ খাইয়ে রোগ সারাতে হবে। তা না হলে জনগণের স্বার্থ ধ্বংস হবে।'' অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ''অামাদের এই মন্ত্রী অংকের জাদু দেখিয়ে বাজেট তৈরি করেছে । বাজেটে অায়ের চেয়ে ব্যয় বেশি। বাড়তি টাকা কোথা থেকে অাসবে তার স্পষ্ট উল্লেখ নেই।'' তিনি ক্ষোভ প্রকাশ করেন, যে সংসদে জনগণের কোনও প্রতিনিধি নেই, যেখানে বাজেট নিয়ে কার্যকর কথা বলার মত বিরোধী নেই, সেখানে এ ধরনের বাজেট হবেই। মো.ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অারও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা অাবু নাসের রহমত উল্লাহ, 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' অান্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।








