বর্তমান সরকার বৈধ না হলেও তাদের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত বিএনপি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার যদি শিগগিরই আলোচনায় না গিয়ে তাল-বাহানা করে তাহলে কঠোর আন্দোলনে যাবে দলটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিঅাইপি লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত 'সারাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড: সংকটের আবর্তে বাংলাদেশ' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ''এখনও সময় আছে। নতুন করে নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে আলেচনায় যেতে প্রস্তুত আমরা। সমঝোতার পরপরই নির্বাচন চাই আমরা।'' সরকারকে অবৈধ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ''খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯৫ শতাংশ লোক গত ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করেছিল। এই ৯৫ শতাংশ লোকের সমর্থন থাকার কারণেই খালেদা জিয়ার সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত।'' সরকারের বৈধতা দিতে হবে আওয়ামী লীগ নেতাদের এমন কথার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ''আপনাদের কথাই প্রমাণ করে যে এই সরকার অবৈধ। তবুও দেশ এবং জনগণের স্বার্থে এই অবৈধ সরকারের সঙ্গেই আলোচনায় বসতে হবে।'' তিনি বলেন, ''যদি খালেদা জিয়া বিরোধীদলীয় নেত্রী না হন তাহলে শেখ হাসিনাও প্রধানমন্ত্রী নন। সুতরাং বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নেই। সংলাপ করতে হলে খালেদা জিয়ার সঙ্গেই করতে হবে।'' পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ''ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলে সরকার চুরি করতে পারবে না। অার এই জন্যই তারা চীনের সঙ্গে চুক্তি করেছে।'' ফখরুল আরও অভিযোগ করেন, ''মিরপুরের কালশী বিহারি পল্লীতে সরকারি দলের লোকেরা পুলিশের সামনে আগুন লাগিয়েছে এবং নয় জন বিহারিকে পুড়িয়ে মেরেছে।'' এনপিপি সভাপতি শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে বৈঠকে অারও বক্তব্য রাখেন, এনপিপির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আব্দুল মবিন প্রমুখ।








