জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে দেওয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “রাষ্ট্রপতি যে বক্তব্যে দিয়েছেন তাতে জাতি হতাশ হয়েছে। কারণ রাষ্ট্রপতির কাছে দেশ ও জাতি এমনটি আশা করে না।” শনিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আলাচনা সভায় তিনি এ সব কথা বলেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “বর্তমান সরকারের মেয়াদ শেষে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরকার যে কোনও ব্যক্তি ও দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি।” এ বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, “যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, তখন নিরপেক্ষ থাকার শপথ নেন। এখন বিদেশে গিয়ে জাতিসংঘের মহাসচিবকে বলছেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তিনি কোথায় দেখলেন ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে? গোটা দেশের মানুষ যে নির্বাচন বর্জন করেছে।” তার অভিযোগ, "গডফাদারদের অস্ত্রের জোরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু ইতিহাস বলে, অাইয়ুব খান থেকে শুরু করে স্বৈরশাসক এরশাদ পর্যন্ত কেউই অস্ত্রের জোরে টিকতে পারেনি। তাই অস্ত্রের জোর দেখিয়ে আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না।" মাহমুদুর রহমানের মুক্তি প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ''তিনি নীতির প্রশ্নে কোনও আপোস করেননি। তাই সরকার প্রতিনিয়ত তার ওপর নির্যাতন করে যাচ্ছে।” বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বাবায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবির সাবেক উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূইয়াসহ অনেকে।








