রাজপথে লড়াই ছাড়া মুক্তি হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘এই দুর্নীতিবাজ, অপদার্থ, অদক্ষ সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে রাজপথে নামতে হবে। রাজপথের লড়াই ছাড়া আমাদের মুক্তি নাই।’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ‘মহান বিজয় দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় মান্না বলেন, ‘আমরা একটা বিজয় অর্জন করেছিলাম এটা ঠিক। কিন্তু এই বিজয় কী অর্থ বহন করে তা বোঝা দরকার। সব লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে— ভালো থাকা, সুন্দর স্বাধীনভাবে বেঁচে থাকা। বিজয়ের ৪৮ বছর পরে আমরা কী পেয়েছি? কোনও কিছুই পাইনি। একটা সরকার ১১ বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু কেউ তার প্রশংসা করে না। দেশের জনগণ তাদের সরকার বলে মানতে চায় না। দেশে গুম, খুন, হত্যা, নারী নির্যাতন প্রতিনিয়তই ঘটছে, কোনও কিছুরই নিরাপত্তা নাই।’
শুধু পেঁয়াজের দামের উন্নতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার দলীয়রা বলেন- আমরা এত এত উন্নয়ন করেছি। বাস্তবে কোনও কিছুরই উন্নতি হয়নি, উন্নতি হয়েছে শুধু পেঁয়াজের দামের। দেশের অর্থনীতি আজ প্রায় পঙ্গুত্বের পথে। সব কৃষিজাত পণ্যের দাম বেশি কিন্তু লাভবান হচ্ছেন না কৃষক। কৃষকদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে সরকারদলীয় সিন্ডিকেটরা। এই সরকারের সবখানে ব্যর্থতার ইতিহাস।’
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আর জনপ্রিয় দল বিএনপি। একজন নিরাপরাধ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার। আন্দোলন ছাড়া আমাদের মুক্তি নেই।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।








