আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা সিটির নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটির (আংশিক) নেতাদের নিয়ে মাজারে ফুল দিতে যান মির্জা ফখরুল।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। এই কমিশন ও সরকারের অধীনে জনগণ যে রায় দেন—তা প্রতিফলিত হয় না। তারপরেও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি।’
তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে ফখরুল বলেন, ‘ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে না। তাই আমরা বিশ্বাস করি, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। এ সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হয়নি।’
নতুন বছরে জনগণ ঐক্যবদ্ধ হবে আশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ‘অসত্যকে ও অসুন্দরকে পরাজিত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবে জনগণ।’
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ছাত্রদল সংগ্রাম করবে বলে অঙ্গীকার করেছে, এ কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর এই কাজ ছাত্রদলকে করতে হবে। তারা দেশের জনগণের ঐক্য গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন নেতাকর্মীরা।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।








