ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ প্রত্যাশী বিএনপির তিন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে ফরম জমা দেন প্রার্থীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একমাত্র অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে আর কোনও মনোনয়ন প্রত্যাশী না থাকায় এই সিটিতে তিনিই বিএনপির মনোনয়ন পাচ্ছেন।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিএনপির নির্ভর যোগ্য সূত্র জানা গেছে, উত্তর সিটিতে মেয়র পদে এবারও বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন ২০১৪ সালে বিএনপি থেকে নির্বাচন করা তাবিথ আউয়াল। আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিএনপির সংসদীয় বোর্ডের সভা শেষে তার নাম ঘোষণা দেওয়া হবে।
রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে আগামীকাল শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার দুই সিটিতে মেয়র পদে আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন।’
রিজভী বলেন, ‘দক্ষিণে যেহেতু ইশরাক হোসেন একমাত্র প্রত্যাশী, সেখানে বিএনপির আর কোনও প্রার্থী না থাকায় এখন শুধু (ইশরাক হোসেন) আনুষ্ঠানিকতা বাকি। এই নির্বাচনে আমরা সর্বোচ্চ গণতান্ত্রিক স্পেস ব্যবহারের চেষ্টা করবো।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি, ভোট গ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।








