গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া শক্তিশালী গণতন্ত্র হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আজ সৌজন্যবোধ বিরল। দেশের রাজনীতিতে খুবই খারাপ সময় চলছে। ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে রাজনীতিতে বিভেদের দেয়াল সৃষ্টি করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তৎকালীন সরকার খুনিদের পুরস্কৃত করেছিল। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। দূতাবাসে চাকরি দিয়েছিল। ইনডেমনিটি জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করে দিয়েছিল। রাজনীতিতে বিভেদের দেয়াল সেখান থেকেই সৃষ্টি হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি (জেপি) দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থেকে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে আন্দোলন করেছিল। আজ আমরা একসঙ্গে কাজ করেছি। এ ধারা অব্যাহত রাখতে হবে। আসুন আমরা একসঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করি।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। এর আগে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন। বাসস।








