বিএনপি মনোনিত ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি পাঁচ বছর আগের ২০১৫ সালের নির্বাচনের বলে জানিয়েছেন তিনি। সেই ছবির অপব্যবহার হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে নামেন তাবিথ। এসময় সাংবাদিকদের তিনি এই কথা জানান।
ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটা ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। পরিষ্কারভাবে দেখবেন ২০১৫ সালের নির্বাচনের প্রচারের একটি ছবি। বাসের জানালার বাইরে জনসংযোগ করেছিলাম। মানুষকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলাম। বাসের কন্ডাক্টর সেজে প্রচারের কোনও ইচ্ছা ছিল না। ছবিটির অপব্যবহার হচ্ছে।’ ছবিটি নিয়ে কোনও ধরনের অপপ্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের নির্বাচনে তাবিথ আউয়াল বাস প্রতীক নিয়ে লড়াই করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, তাবিথ বাসের জানালায় বসে আছেন। অনেকেই ছবিটির সমালোচনা করে বলেন, তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য বাসের কন্ডাক্টর সেজেছেন।
এদিকে নির্বাচনি প্রচারণাকালে মগাইর বাজার এলাকায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনও ভয়ভীতি না পেয়ে ৩০ জানুয়ারি আমাদের ভোট দিয়ে বিজয়ী করবেন।’ এসময় উত্তর বাড্ডা এলাকার সড়ক ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এরআগে সকালে উত্তর বাড্ডার রহমতউল্লাহ গার্মেন্টসের সামনে থেকে প্রচারণা শুরু করেন তাবিথ। পরে তিনি পশ্চিম পদরদিয়া, পূর্ব পদরদিয়া হয়ে সাতারকুল, ইসলামবাগ ও মগাইরে গণসংযোগ করেন।








