ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় গিয়ে আহত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৃহস্পতিবার বিকালে কাওরান বাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণায় সরকার দলের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে। এসময় সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত হন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারির ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরিণতি আরও স্পষ্ট হলো। এই সন্ত্রাসী হামলা পরিকল্পিত।’
বিবৃতিতে জানানো হয়, হামলায় গুরুতর আহত রিজভী বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।








