২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি-আয়োজনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসছে বিএনপির গঠিত বিশেষ উদযাপন কমিটি। মার্চের প্রথম সপ্তাহের যেকোনও দিন গুলশানের চেয়ারপারসন কার্যালয় বা স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে মার্চের প্রথম সপ্তাহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রাথমিক একটি খসড়া তৈরি হয়েছে। প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ও কর্মপন্থা নির্ধারণ হবে বলে আশা করছি।’
গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ কমিটি গঠনের কথা জানান। খন্দকার মোশাররফ ছাড়াও এ কমিটির সদস্যরা হচ্ছেন– স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
দলীয় একটি সূত্র জানায়, স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা, সেক্টরে নেতৃত্বদান, দলের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অবদান নিয়েও কাজ করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এই আয়োজনে দলের মুক্তিযোদ্ধা দল, মুক্তিযুদ্ধের প্রজন্মদল ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবে। এছাড়া আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের বন্ধুদের সম্মানিত করার চিন্তা শুরু হয়েছে দলের বিভিন্ন স্তরে। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য বৈঠকে উদযাপন কমিটি পূর্ণাঙ্গ করা, কর্মসূচি প্রণয়ন হবে, দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে ।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালনের সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।’ তবে, এখনও সার্বিক কর্মপরিকল্পনা ঠিক হয়নি বলে জানান তিনি।
আরও পড়ুন:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাড়ম্বরে উদযাপন করবে বিএনপি
স্বাধীনতার ৫০ বছর উদযাপনে বিএনপির বিশেষ কমিটি








