ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন নির্বাচনি এলাকার বাসিন্দা নন বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ যিনি আছেন তিনি তো এই এলাকার মানুষই না। তিনি কীভাবে এ এলাকার মানুষের প্রতিনিধিত্ব করবেন, সমস্যা বুঝবেন।’
বুধবার (৪ মার্চ) এই উপনির্বাচনের চতুর্থ দিনের প্রচারণায় শেখ রবিউল এসব কথা বলেন।
এদিন সকাল ১১টায় বাংলাভিশন কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাঁঠালবাগান, পান্থপথ ও কলাবাগান এলাকায় গণসংযোগ করেন তিনি। বিকালে গণসংযোগ শুরু করেন নিউমার্কেট এলাকার বাটা সিগন্যাল থেকে। তবে এখন পর্যন্ত প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় কোনও নেতা অংশগ্রহণ করেননি। অবশ্য আজ এ-সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে।
ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ‘বহিরাগত’ দাবি করে শেখ রবিউল প্রশ্ন তোলেন, ‘জনগণই বা কেন মহিউদ্দিনকে ভোট দেবে?’ তিনি বলেন, ‘এ এলাকার উন্নয়নের ক্ষেত্রগুলো আমার চিহ্নিত করা আছে। সবচেয়ে বড় কথা হলো সংসদ সদস্যের আসল কাজ রাষ্ট্রের আইন প্রণয়ন, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধনে ভূমিকা রাখা।’
শেখ রবিউল বলেন, ‘রাষ্ট্রের রাজনীতিতে যে সংকট রয়েছে তা থেকে উত্তরণের জন্য আমার দলের যে আদর্শ রয়েছে, নীতিমালা ও ঘোষণাপত্র রয়েছে সেগুলো রাষ্ট্রীয় পর্যায়ে অধিষ্ঠিত করতে ভূমিকা রাখা।’
আবাসিক এলাকা হিসেবে পরিচিত হলেও বৃহত্তর ধানমন্ডি এলাকাকে বাণিজ্যিক এলাকায় পরিণত করা হয়েছে মন্তব্য করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘এ এলাকায় মাদকের সমস্যা রয়েছে। জলাবদ্ধতার সমস্যা রয়েছে। রাস্তা প্রশস্ত করার প্রয়োজন রয়েছে। এসব প্রকল্প নিয়ে দীর্ঘসূত্রতা রয়েছে। আমি এগুলো নিয়ে কাজ করবো। সরকারের ওপর চাপ প্রয়োগ করবো।’
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি। বলেন, ‘আমি আশা করি সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবে। নির্বাচন কমিশনের ওপর যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে তারা তাতে ওপর অটল থাকবে।’
আগামী ২১ মার্চের নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি এখনও স্বাভাবিক থাকলেও আচরণবিধি সম্পর্কে পুলিশের স্পষ্ট ধারণা না থাকায় কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ রবিউলের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বুধবার রাতে ধানমন্ডি আবাসিক এলাকার বাসিন্দা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।








