বাংলাদেশের নারীরা সবসময়ই অবহেলিত থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার প্রশ্নে লিঙ্গ সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্ধেকেরও বেশি নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই অবহেলিত থেকেছেন।’
তিনি দাবি করেন, ‘বিশ্বব্যাপী যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইনটির যথার্থতা অনুধাবন করে আমাদের দেশের নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশংসনীয় উদ্যোগ নেন। এ কারণে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন।’
বিএনপি মহাসচিব আরও দাবি করেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীনও নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এ কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছেন।’
বর্তমান সময়ে নারী ও শিশুরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।’ আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করেন তিনি।








