ক্রসফায়ার রাষ্ট্রকে বিপদাপন্ন করেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন, ‘ক্রসফায়ার বা যে নামেই ডাকা হোক—বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এতদিন সন্ত্রাস বা মাদক নিয়ন্ত্রণে কোনও ভূমিকা পালন করতে পারেনি এবং পারবেও না।’
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ‘সন্ত্রাসবিরোধী দিবস’-এর এক ভার্চুয়াল আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি একথা বলেন। ১৯৯২ সালের এই দিনে সন্ধ্যায় রাজধানীর পার্টি কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে গুলি করা হয়েছিল।
মেনন দাবি করেন, ‘মেজর সিনহার মৃত্যুতে রাষ্ট্রের দু’টি বাহিনীকে প্রায় পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। দুই বাহিনীর প্রধানকে নজিরবিহীন যৌথ সংবাদ সম্মেলন করে সবাইকে আশ্বস্ত করতে হয়েছে।’
তিনি বলেন, ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে দেড়শ’র বেশি মানুষকে ক্রসফায়ার দেওয়ার পরও গত সপ্তাহেই সেখান থেকে কয়েক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব কারণেই মানুষের মৌলিক অধিকার হরণকারী এই অমানবিক আচরণ এখনই বন্ধ করতে হবে।’
রাশেদ খান মেনন বলেন, ‘ক্রসফায়ার-এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী যে যুক্তি দিয়ে থাকেন, তাই দেশের মানুষের শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে। এ ধরনের কথা বলে মানুষের দৃষ্টি বিভ্রান্ত করা যাবে না।’
ভার্চুয়াল আলোচনায় আরও বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক ও ড. সুশান্ত দাস। সভা পরিচালনা করেন কমরেড নূর আহম্মদ বকুল।








