২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারীসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অসংখ্য নেতাকর্মী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে নারকীয় ওই গ্রেনেড হামলা চালানো হয়।
শুক্রবারের কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মজিবুর রহমান স্বপন,আশীষ কুমার মজুমদার, আব্দুল আলিম বেপারী, মানিক কুমার ঘোষ, মোবাশ্বের চৌধুরী, আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, রফিকুল ইসলাম বিটু, ওবায়দুল হক খান, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। নেতারা ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর,আব্দুস সালাম পিন্টু গংদের বিচারের রায় কার্যকর করার দাবি জানান।








