বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য তৈরি করে অবশ্যই এই ভয়াবহ যে দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে, এই যে ভয়াবহ একটি একদলীয় শাসনব্যবস্থা আমাদের ওপরে চেপে বসেছে একে সরাতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় ফখরুল এ কথা বলেন। অনুষ্ঠানে ড্যাবের ওপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৯৭৯ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ড্যাব প্রতিষ্ঠা করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই করছি, সেটা আমাদের বাঁচা-মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই।’
তিনি বলেন, ‘আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসিতে ফিরে আসা, এটা খুব কঠিন লড়াই। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য।’
ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম ও সিনিয়র সহসভাপতি আবদুস সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, জহিরুল ইসলাম শাকিল ও মেহেদি হাসান বক্তব্য রাখেন।
এই ভার্চুয়াল আলোচনা সভায় ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ বিভিন্ন জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।








