ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করেছেন মুফতি মুহাম্মদ জুনায়েদ গুলজার। তিনি দলটির সহকারী মহাসচিব এবং ইসলামী যুব খেলাফতের কেন্দ্রিয় সেক্রেটারি পদে ছিলেন। শনিবার (২৯ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান মুফতি জুনায়েদ গুলজার। একই সঙ্গে তিনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
মুফতি জুনায়েদ গুলজার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বেচ্ছায় পদত্যাগ করেছি। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে এ পদত্যাগপত্র পাঠিয়েছি।’
ইসলামী আন্দোলনে যোগদান প্রসঙ্গে মুফতি জুনায়েদ গুলজার বলেন, ‘এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেইনি।’








