বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে সংবিধান লঙ্ঘনের মতো অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। তিনি বলেন, এমন বক্তব্য দেওয়ার দায়ে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, তিনি (খালেদা) যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। তিনি মনে-প্রাণে পাকিস্তানি।
উল্লেখ্য, সোমবার খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে ১৯৭১ সালের যুদ্ধে নিহত শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে হানিফ বলেন, খালেদা জিয়া এমন বক্তব্য দেওয়ার পর বিএনপি নেতাকর্মীদের অক্ষত থাকার কথা নয়। তবে দেশে গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই তারা এখনও নিরাপদ রয়েছেন।
এ সময় পৌর নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে, এমন তথ্য আমার জানা নেই।
/পিএইচসি/এনএস/এমএনএইচ/








