ঢাকা-৫ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচারের অংশ হিসেবে কর্মীসভা করেছে যুবলীগ। রাজধানীর যাত্রাবাড়ী নুর কমিটিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় ডিজিটাল মাধ্যমে সংযুক্ত হন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে।’ এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— ঢাকা-৫ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রমুখ।








