আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘১২ নভেম্বর যদি ভোট দিতে দেওয়া না হয়, তখন থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে।’
রবিবার (১ নভেম্বর) রাজধানীর ৬ নম্বর সেক্টরে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। এ সময় তার পক্ষে গণসংযোগ করেন গত জানুয়ারি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে জনতার মেয়র উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, ‘এই দুই জন হচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের রূপকার। তাদের নিয়ে আমরা ভোট কেন্দ্রে পাহারা বসাবো।’
এ সময় তাবিথ আউয়াল বলেন, ‘এবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মী ও ভোটাররা ঐক্যবদ্ধ হয়েছে। যত কিছুই হোক ধানের শীষের বিজয় নিয়েই ঘরে ফিরবো।’
ইশরাক হোসেন বলেন, ‘যত বাধাই আসুক, আমরা ঐক্য বজায় রেখে প্রচার চালিয়ে যাবো। ১২ নভেম্বর ভোট কেন্দ্রে পাহারা বসিয়ে সেখান থেকে গণভোট সৃষ্টি করবো।’
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, রফিক শিকদার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, কৃষক দলের খলিলুর রহমান প্রমুখ।








