হেফাজতে ইসলাম এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনটি ভাস্কর্য ইস্যুতে এখন পর্যন্ত কোনও কর্মসূচি দেয়নি। কিন্তু কথিত ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’সহ ইসলামবিদ্বেষী একটি মহল হেফাজতের নামে মিথ্যাচার ও উসকানি দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে হেফাজত মহাসচিব কাসেমী তার সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, ‘আমরা গভীরভাবে লক্ষ করছি, কিছু দিন ধরে ইসলাম ও দেশবিরোধী একটি অশুভ শক্তি শান্তিপ্রিয় আলেম সমাজ ও তাওহিদি জনতার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের তৎপরতায় মনে হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলাদেশ থেকে ইসলামী চেতনাবোধ উৎখাত ও দেশবিরোধীদের ফায়দা লোটার পথ সুগম করে দিতে চায়। এ বিষয়ে দেশবাসীকে পূর্ণ সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে আলেম সমাজ ইসলামের বিধান ব্যাখ্যা করে ভুল পদক্ষেপ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে শরিয়তের ফতোয়া প্রচার করেছেন। বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, শান্তি এবং তাঁর স্মৃতি স্মরণীয় করে রাখতে ইসলামসম্মত উত্তম উপায় খুঁজে বের করতে পরামর্শ দিয়েছেন। বঙ্গবন্ধু যাতে কবরে কষ্ট না পান, সে জন্য উলামায়ে কেরাম ভাস্কর্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।’








