প্রবীণ কমিউনিস্ট নেতা, ইউনাইটেড লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর একটায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ছেলে সাংবাদিক ও লেখক অনিষ্ট আরিফসহ অসংখ্য শুভার্থী ও গুণমুগ্ধ রেখে গেছেন।
আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক বিবৃতিতে তিনি বলেন, ’৬০ এর দশক থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আজিজুর রহমানের রাজনৈতিক জীবন শুরু। ৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে গত ৫০ বছরে এদেশের জনগণের শোষণমুক্তির বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। সামরিক স্বৈরতন্ত্রবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
সাইফুল হক জানান, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আজিজুর রহমানের মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে সেখান থেকে তার দীর্ঘদিনের রাজনৈতিক এলাকা খুলনায় নেওয়া হবে।








