দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তির দিনে পুরো রাজধানী ছিল ফাঁকা। এদিন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের ‘গণতন্ত্র রক্ষা’ ও ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণায় নগরবাসীর মনে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়। ফলে স্বাভাবিক জীবনযাত্রার বাইরে মঙ্গলবার সকাল থেকেই রাজধানী হঠাৎ করেই কোলাহলমুক্ত হয়ে পড়ে। তবে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, নয়াপল্টন ও রাসেল স্কয়ার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট দেখা যায়।
সমাবেশ শুরুর পর থেকে রাসেল স্কয়ার ও নয়াপল্টন এলাকার আশে-পাশের সড়কগুলোতে যান চলাচল একেবারেই সীমিত হয়ে পড়ে।
দু’দলের পাল্টাপাল্টি কর্মসূচীর এ দিনে নগর পরিবহনের যানবাহন ছাড়া ব্যক্তিগত যানবাহনের সংখ্যা দেখা যায় খুবই কম। নগর পরিবহনের যানবাহনের সংখ্যাও ছিল অন্যান্য দিনের তুলনায় কম। মিরপুর রোড ও নয়াপল্টন এলাকা ছাড়া অন্যান্য এলাকার সড়কগুলোর ট্রাফিক সিগন্যালেও এক মিনিটের বেশি দাঁড়াতে হয়নি বলে জানিয়েছেন পথচারীরা। নাশকতা হতে পারে এমন আশঙ্কা ছিল সবার মনে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ হলেও গুলিস্তান এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল।
সমাবেশস্থলগুলোতে দুপুরের আগে থেকেই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে দল দু’টির হাজার হাজার নেতা-কর্মী এসব সমাবেশে যোগ দেন।
এদিকে, আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সমাবেশের কাছাকাছি প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও রায়টকার। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মো. মারূফ হোসেন সরদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সমাবেশের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। অস্থিতিশীলতা বা যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বলেন, দুটি রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন।
২০১৪ সারের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষার দিন হিসেবে উল্লেখ করে আসছে। অন্যদিকে বিএনপি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে অভিহিত করে।
ছবি: হারুন উর রশীদ ও সংগৃহীত।
/জেইউ/এফএস/








