সংহতি জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৭ মে) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানে কাছে এ চিঠি হস্তান্তর করে দলটির একটি প্রতিনিধি দল।
চিঠিতে চরমোনাই পীর পারস্পরিক আলোচনায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতদের শাহাদাতের মর্যাদা প্রাপ্তির জন্য দোয়া এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার মুক্তি সংগ্রামে একাত্মতা পোষণ করেন তিনি।
ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ নুরুল করীম রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিন ইস্যুতে ইসলামী আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।
এদিকে প্রতিনিধি দলটি রাষ্ট্রদূতকে জানান, প্রতি বছর ১৪ মে বাংলাদেশে সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ও ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ‘নাকাবা দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন। বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ তুলে দেওয়ার ব্যাপারে নিয়মতান্ত্রিক আন্দোলন ও সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।









